শান্ত ওডেসা কেঁপে ওঠল রুশ হামলায়

কিয়েভ, ২৩ এপ্রিল – রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা।
রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তাছাড়া বন্দর নগর মারিউপোলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মারিউপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।
অন্য শহর ও অঞ্চলগুলোতে যুদ্ধের ধ্বংসযজ্ঞ চললেও এতোদিন রাশিয়ার আক্রমণের ভয়াবহতার আঁচ পড়েনি আরেক বন্দর শহর ওডেসায়। শহরটি শান্ত ও নিরাপদ ছিল।
তবে এই শান্ত ওডেসা শনিবার কেঁপে ওঠেছে।
শুক্রবার রাশিয়ার কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেনকায়েভ জানান, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের পুরো দক্ষিণ দিক দখল করা।
তার এমন ঘোষণার পরের দিনই দক্ষিণ দিকে অবস্থিত ওডেসায় মিসাইল হামলার ঘটনা ঘটল।
ওডেসা ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত একটি বন্দর শহর। যুদ্ধের শুরু থেকেই ওডেসার দিকে নজর রেখেছে রাশিয়া।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনী একটি উঁচু বিল্ডিংয়ে মিসাইল হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমেক জানিয়েছেন, রাশিয়ার এ মিসাইল হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।
এর আগে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার ছোড়া আরও দুটি মিসাইল তারা আটকে দিতে সমর্থ হয়েছেন। কিন্তু অন্য দুটি মিসাইল দুটি আবাসিক ভবনে আঘাত হানে।
সূত্র: যুগান্তর
এম ইউ/২৩ এপ্রিল ২০২২









