দক্ষিণ এশিয়া

বাংলাদেশের জন্যই ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২৩ এপ্রিল – বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকার কারণে ভারতের পূর্ব সীমান্তে শান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায়, পূর্বে তার কোনো অস্তিত্ব নেই। কারণ, এদিকে বাংলাদেশ রয়েছে। খবর এনডিটিভির।

শনিবার (২৩ এপ্রিল) একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া আসাম-ভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে, ভারত এই বার্তা দিতে সফল হয়েছে। বাইরে থেকে নিশানা করা হলে আমরা সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করবো না।

এরপরেই বাংলাদেশের বন্ধুত্বের প্রশংসা করে রাজনাথ বলেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায়, পূর্বে তার কোনো অস্তিত্ব নেই। এর কারণ, এদিকে বাংলাদেশের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ রয়েছে।

তিনি বলেন, অনুপ্রবেশ সমস্যা প্রায় মিটে গেছে। (ভারতের পূর্ব সীমান্তে) এখন শান্তি ও স্থিতিশীলতা বিদ্যমান।

ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন অংশ থেকে সম্প্রতি সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখনই কোনো জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে, সরকার এই পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, জনগণের একটি ভুল ধারণা ছিল যে, ভারতীয় সেনাবাহিনী এএফএসপিএ সবসময় বলবৎ রাখতে চায়। আদতে এটি আরোপের জন্য পরিস্থিতি দায়ী, সেনাবাহিনী নয়।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৩ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language