উত্তর আমেরিকা

নির্বাচনে জিতেই প্রথম যা করলেন বাইডেন

ওয়াশিংটন, ০৮ নভেম্বর- অপেক্ষার অবসান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বহু প্রতীক্ষিত ফল পাওয়া গেল। জয়ী হলেন ডেমোক্র‌্যাট নেতা জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট তিনি। নির্বাচনে জয় পেয়েছেন জানার পর প্রথম কী করলেন তিনি?‌ টুইটারে দেশবাসীর উদ্দেশে বার্তা তো দিলেনই। তারও আগে বদলে ফেললেন টুইটারে নিজের বায়ো।

এতদিন নিজের পরিচয় দিয়েছেন- একজন ডেমোক্র‌্যাট যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন। আর‌ এখন সেই অংশ বদলে লিখলেন- নির্বাচিত প্রেসিডেন্ট‌। সকল আমেরিকানদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত।

এরপর টুইট করে তিনি বার বার জোর দিলেন সম্প্রীতির ওপর। তিনি লিখলেন, আমেরিকা, আমি সম্মানিত, যে এই মহান দেশ চালানোর জন্য আপনারা আমায় নির্বাচিত করেছেন। আমাদের সামনে কঠিন কাজ রয়েছে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রত্যেক আমেরিকানের প্রেসিডেন্ট হব। আপনি আমায় ভোট না দিয়ে থাকলেও। যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, তা বজায় রাখব।

সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বাইডেন। যেখানে আমেরিকার সকল ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এক ফ্রেমে বন্দি হচ্ছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আডি/ ০৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language