মার্কিন নির্বাচনের ফল কখন জানা যাবে?
ওয়াশিংটন, ০৭ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চারদিন কেটে গেলেও বিজয়ী কে তা এখনো জানা যায়নি। বিশ্বের সবচেয়ে শক্তিধর এই রাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা এখনো কারও জানা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিজয় নিশ্চিত করার মতো যথেষ্ট ভোট গণনা এখনো শেষ হয়নি।
মহামারির কারণে এবারে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল পরিমাণ মানুষ ডাকযোগে ভোট দিয়েছে। একেকটি রাজ্যে ডাকযোগে আসা ভোট গণনার একেক ধরনের নিয়ম রয়েছে। সুতরাং প্রতিযোগিতা যদি তীব্র হয়, তখন গণনাতেও সময় বেশি লাগবে।
এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোট গণনার ফলাফল জানা গেছে, তাতে জো বাইডেন ২৫৩ ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৪। দুই প্রার্থীর জন্যই এখনো ২৭০ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বাইডেন যদি পেনসিলভানিয়ায় জয় পান, তাহলে তিনিই বিজয়ী হয়ে যাবেন। অথবা তিনি যদি জর্জিয়ার সঙ্গে নেভাডা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলাইনার কোনো একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন।
বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভানিয়ার সব ভোট পেতে হবে, সেইসঙ্গে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা অথবা অ্যারিজোনার চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে।
নির্বাচনের দিনের বা আগের ডাকবিভাগের ছাপ রয়েছে, এমন পোস্টাল ভোট জমা আসার শেষ দিন ছিল গতকাল শুক্রবার বিকেল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সব গণনা শেষ হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে।
কোন রাজ্যের কি অবস্থা?
পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট। এই রাজ্যে জো বাইডেন ২৮ হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এখন পর্যন্ত রাজ্যটিতে ১ লাখ ২ হাজার ৫৪১টি ভোট গণনা বাকি রয়েছে।
এসব ভোটের বেশিরভাগই ফিলাডেলফিয়া এবং অ্যালগেনি কাউন্টির অ্যাবসেন্টি ব্যালট। ২০১৬ সালে এসব এলাকায় জয় পেয়েছিলেন হিলারি ক্লিনটন। সুতরাং এসব ভোটের বেশিরভাগই ডেমোক্রেট ভোট বলা যায়।
জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল ভোট। এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৫৬ হাজার ৮৪৫টি ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৫২ লাখ ৮২৫টি ভোট।
রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যদের জন্য পাঠানো ৮ হাজার ভোট আসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবারের মধ্যে এসব ভোট এসে থাকলে সেটা গণনায় যোগ হবে। এসব ভোটের বেশিরভাগই আটলান্টা আর সাভান্নাহের, যেসব এলাকা প্রধানত বাইডেন সমর্থক।
রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সবের্গার জানিয়েছে, রাজ্যটির ভোট পুনরায় গণনা করা হবে। অর্থাৎ এই রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে বেশ অপেক্ষা করতে হবে।
অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৬৩৪টি ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮১৮টি ভোট। রাজ্যটিতে এখনো ২ লাখ ভোট গণনা বাকি রয়েছে।
নেভাডায় ছয়টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই রাজ্যে জো বাইডেন পেয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৯ হাজার ৯০১ ভোট। এই রাজ্যে এখনো হাজার হাজার ভোট গণনা বাকি রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই রাজ্যে চূড়ান্ত ফলাফল পেতে হয়তো আরও দুই-একদিন লেগে যাবে।
আডি/ ০৭ নভেম্বর









