ইউরোপ

ফের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের

কিয়েভ, ৩০ মার্চ – রাশিয়া ফের ব্যাপক আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক এ অভিযোগ করেন। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

মোতুজিয়ানিক বলেন, রাশিয়া এখনও অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোল, লুহানস্কের পপাসনা ও রুবিঝনে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার যে পরিকল্পনার কথা মস্কো জানিয়েছিল সে অনুযায়ীই তারা এগোচ্ছে।

তিনি বলেন, দেখা যাচ্ছে, কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিচ্ছে। তবে এটি ব্যাপক আকারে সেনা প্রত্যাহার মনে করছে না ইউক্রেনের সেনাবাহিনী।

রাশিয়া জানিয়েছে, শান্তি আলোচনায় ‘পারস্পরিক আস্থা বাড়ানোর’ প্রচেষ্টায় দেশটি ‘কয়েকগুণ সামরিক তৎপরতা হ্রাস করবে’।

তবে দেশটি আরও জানিয়েছে, ক্রিমিয়া ও দোনবাস অঞ্চল নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার সংবিধান অন্য কারও সঙ্গে দেশের অঞ্চলের ভাগ্য নিয়ে আলোচনা করতে অনুমোদন দেয় না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর ৩৫ দিনেও হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: সমকাল
এম ইউ/৩০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language