ইউরোপ

পিছু হটেছে রুশ বাহিনী : ইউক্রেন

কিয়েভ, ২৪ মার্চ – ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের কিছু এলাকা থেকে রুশ বাহিনী পিছু হটেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাদের সৈন্যরা কিয়েভের আশেপাশের কিছু এলাকা থেকে রাশিয়ান বাহিনীকে সরিয়েছে দিয়েছে। তবে রাজধানী কিয়েভ ঘেরাও এবং দখলের আশা বজায় রেখেছে রুশ সেনারা।

তিনি আরও বলেছেন, কিছু সেক্টরে শত্রুদের (রাশিয়া) ৪৪ মাইলের বেশি দূরে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু সেক্টরে ২১ মাইল দূরে রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : আরটিভি
এম এস, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language