এশিয়া

ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বেইজিং, ২৩ মার্চ – আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই বছর আগে লাদাখে লাইন অব অ্যাকচ্যুয়াল কন্ট্রোলে (এলএসি) সহিংসতার পর প্রথম বারের মতো চীনের কোনো শীর্ষ কর্মকর্তা ভারত সফরে যাচ্ছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে চীন বা ভারতের পক্ষ থেকে এ বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। ২০২০ সালে দুদেশের সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। এরপর থেকেই দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়।

দুদেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো শুরু করে। এরপর থেকে কয়েক দফায় দুদেশের সামরিক পর্যায়ে বৈঠক হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি।

সীমান্তে উত্তেজনার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০২০ সালের সেপ্টেম্বরে রাশিয়ার মস্কোতে এবং ২০২১ সালের সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে সাক্ষাত করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, তার দেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গত কয়েক বছরে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তবে আলোচনার মাধ্যমে এগুলো সমাধানের কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু দেশ চায় যে, ভারত এবং চীনের মধ্যে সব সময়ই উত্তেজনা বিরাজ করুক।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৩ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language