ইউরোপ

প্রয়োজনে রুশ সেনাদের সঙ্গে যোগ দেবে বেলারুশ : লুকাশেঙ্কো

মিন্‌স্ক, ২৪ ফেব্রুয়ারি – প্রয়োজনে ইউক্রেনে রুশ অভিযানে বেলারুশের সেনারাও অংশ নেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, আমি আবার বলছি, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) নেই। তবে যদি প্রয়োজন পড়ে, যদি বেলারুশ ও রাশিয়ার দরকার হয়, তাহলে তারাও অংশ নেবেন।

পুতিনের ঘোষণার পর স্থানীয় সময় আজ ভোর থেকেই ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে রাশিয়া। হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। প্রাণভয়ে শহরটির বাসিন্দারা হন্যে হয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। এখন পর্যন্ত ইউক্রেনের ৪০ সেনাসদস্য ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

এদিকে হামলার পাল্টা জবাব দেয়ার দাবি করেছে কিয়েভও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ ছাড়া রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language