৩ লাখ নয় আফগান সেনা সদস্য ৫০ হাজারের কম

কাবুল, ১৮ আগস্ট – গত কয়েক সপ্তাহেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।
এর কারণ হিসাবে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান আর্মিকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
কিন্তু সেখানকার দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আসলে সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।
সংবাদমাধ্যম এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।
প্রেসিডেন্টের কাছে আফগান আর্মির ৫০ হাজার সেনা সদস্য থাকার কোন গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা, সেটি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
দুই দশকের যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে ৮ হাজার ৩০০ কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ আগস্ট









