চাঁদপুর

চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

চাঁদপুর, ২৭ জুলাই- চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ছয়জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন চারজন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন।

এদিকে, চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ২২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গতকাল সোমবার (২৬ জুলাই) মধ্যরাত পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে যে চারজন মারা যান তাঁরা হলেন, চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার বাচ্চু মিয়া (৬৫), একই শহরের রহমতপুর আবাসিক এলাকার জাহানারা বেগম (৬০), ফরিদগঞ্জের বদরপুর গ্রামের মো. ওয়ালী উল্লাহ (৬৫), কচুয়ার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০)।

এদিকে, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে দুইজন মারা গেছেন তাঁরা হলেন খিলাবাজারের আমিনুল হক (৭০) এবং উয়ারুক গ্রামের হাজী আবুল হাশিম (৭৫)।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল আরো জানান, মৃতদের তিনজন মারা গেছেন করোনা সংকমণে এবং বাকি তিনজন করোনা উপসর্গ নিয়ে।

এর আগে করোনা সংক্রমণ এবং উপসর্গ নিয়ে গত রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ জন এবং গতকাল সোমবার সকাল পর্যন্ত মারা যান আটজন।

এদিকে, চাঁদপুরে নতুন করে আরো ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং করোনা সংক্রমণে মারা গেছেন ১৬১ জন। এছাড়া একই সময় করোনা উপসর্গ নিয়ে আরো সাড়ে ৩০০ জন মারা গেছেন।

এদিকে, আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকেই চাঁদপুর শহরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে বেশ তৎপর দেখা গেছে। বিনা প্রয়োজনে সড়কে বেরিয়ে পড়া যাকেই পাচ্ছেন তাঁকেই বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন কিংবা আর্থিকভাবে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এর আগে গতকাল সোমবার ভোর থেকে শুধু রোগী ও জরুরি সেবা বহনকারী ছাড়া সবধরনের পরিবহন নিষিদ্ধ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি সংশ্লিষ্টদের আরো কঠোর হতে অনুরোধ জানান। এছাড়া বিনা প্রয়োজনে সড়কে বেরিয়ে পড়া যাকেই পাওয়া যাবে, তাকেই আটক করে শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষণা দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ।

চাঁদপুরে করোনার সংক্রমণ এড়াতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। তিনি বলেন, এখনই লাগাম টেনে ধরতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই


Back to top button
🌐 Read in Your Language