সিলেট

সিলেট-৩ আসনের নির্বাচন পেছানোর সুযোগ নেই

সিলেট, ২৪ জুলাই- আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ আর পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের সকল কার্যক্রম লকডাউন আওতামুক্ত থাকবে।

শনিবার (২৪ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে স্বাস্থ্যবিধি বজায় রাখতে মাস্কবিহীন কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। আর ভোটগ্রহণ ইভিএমে হওয়ার কারণে প্রত্যেক ভোটার ভোট দেয়ার পর ভোটিং মেশিনটি স্যানিটাইজ করা হবে।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন। ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্রঃ আরটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language