ব্যক্তিত্ব

‘ওয়ান সাইডেড লাভ’ নিয়ে মানসিক যন্ত্রণা কীভাবে ভুলবেন

প্রেম ভেঙে যাওয়ার চেয়েও অনেক সময় বেশি মানসিক যন্ত্রণা হয়ে উঠে ওয়ান সাইডেড লাভ মানে একতরফা প্রেম বা ভালোবাসা।

আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু কিছুতেই তাকে বলে উঠতে পারছেন না, তিনি আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন আর আপনি মনে মনে দীর্ঘশ্বাস ফেলছেন আর আড়ালে চোখের জল ফেলছেন, এ এক বিচিত্র পরিস্থিতি।

আবার আপনি নিজের অনুভূতির কথা তাকে জানালেন অথচ তিনি পাত্তাই দিলেন না, তা হলে আরও বেশি কষ্টের। দেখা গেলে তিনি আরেক মানুষের ভালোবাসায় মজে আছেন। এ ক্ষেত্রে প্রিয় মানুষের ভালোবাসা না পাওয়ার সঙ্গে যোগ হয় প্রত্যাখ্যাত হওয়ার বেদনা, না পাওয়ার যন্ত্রণা আর অপমানবোধ।

পরে অনেকে হয়তো ফের মাথা তুলে দাঁড়াতে সক্ষম হন, কিন্তু বুকের গভীরে ক্ষতচিহ্ন হয়ে থেকে যায় সেই একতরফা প্রেমের স্মৃতি, মাঝখান থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় অনেকটাই!

এমন বেদনাদায়ক পরিস্থিতি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে লাইফস্টাইল সাইট ফেমিনা কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো হলো-

মানসিক প্রস্তুতি রাখুন

যে মুহূর্তে আপনার মনে কারও জন্য বিশেষ অনুভূতি দানা বাঁধছে, ঠিক তখন থেকেই আপনাকে একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মাথায় রাখতে হবে যে, এই অনুভূতিটা একান্তভাবে আপনার নিজস্ব। উল্টো দিকের ব্যক্তিটি তাতে সাড়া নাও দিতে পারেন। মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখলে কষ্ট কম হবে।

মনের কথা চেপে রাখবেন না

চিঠি কিংবা মুঠোফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেজের মাধ্যমে হোক, এমনকি মুখে হোক, মনের কথা তাকে জানিয়ে দিন। তা হলে তার মনের ভাবটাও আপনি বুঝে নিতে পারবেন। দীর্ঘদিন ধরে মনে আকাশকুসুম ভাবনাটাও দানা বাঁধতে পারবে না। তার দিক থেকে সাড়া না পেলে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথটাও খোলা থাকবে।

কষ্ট হওয়া স্বাভাবিক

তার দিক থেকে প্রত্যাশিত সাড়া না পেলে নিজের মনের কষ্টটাকে চেপে রাখবেন না। আপনার আবেগের দাম রয়েছে, সেটিকে অস্বীকার করার মানে হয় না। নিজের সঙ্গে সময় কাটান, নিজের কষ্টটাকে অনুভব করুন। ধীরে ধীরে একসময় যন্ত্রণা ফিকে হতে শুরু করবে। রাতারাতি পরিস্থিতি পাল্টাবে না, সেই সময়টা নিজেকে দিন।

স্বাস্থ্যের যত্ন নিন

প্রেমে আশানুরূপ সাড়া না পাওয়ার ঘটনা আপনার আগে আরও অসংখ্য মানুষের জীবনে ঘটেছে, আপনার পরেও আরও অসংখ্য মানুষের জীবনে ঘটবে। আপনি একা নন। ফলে প্রেম না হওয়ার দুঃখে নাওয়া খাওয়া ছেড়ে দিলে আপনি একদিকে যেমন নিজের প্রতি অবিচার করবেন, তেমনি আপনার আরও যে সব দায়িত্ব রয়েছে সেগুলোর প্রতিও অবহেলা হবে । ঠিকমতো খাওয়াদাওয়া করুন, হালকা ব্যায়াম করুন। শরীর সুস্থ থাকলে মাথাটাও ঠিকভাবে কাজ করবে।

আত্মবিশ্বাস ধরে রাখুন

একটা প্রেমে সাফল্য না পাওয়াটা যেন আপনার আত্মবিশ্বাসে আঁচড় কাটতে না পারে। সুন্দর পোশাক পরুন, সুন্দর করে সেজে থাকুন। ভালো বই পড়ুন। গান শুনুন। কোথাও থেকে ঘুরে আসুন। যে সব কাজ করতে আপনার ভালো লাগে, সে সব কাজে মনোযোগ দিন। ধীরে ধীরে জীবনকে নতুন করে ভালো লাগতে শুরু করবে।

আশা হারাবেন না

কোনোভাবেই নিরাশাকে মনে ঠাঁই দেয়া যাবে না। নিজের ক্ষমতার উপরে আস্থা রাখুন, নিজের ভবিষ্যৎ তৈরির কাজে মন দিন। নিশ্চিতভাবেই একটা সুন্দর জীবন অপেক্ষা করছে আপনার জন্য!

অবসেশনে যাওয়া যাবে না

অনেক সময় পছন্দের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেলে উদ্ভট আচরণ করতে থাকেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপর সারাক্ষণ নজরদারি চালানো, ফোন করে বা মেসেজ করে বিরক্ত করা, আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠা, এ সবই অবসেশনের লক্ষণ। কোনোভাবে এই ফাঁদে পড়বেন না। চেষ্টা করুন এই মানসিকতা থেকে বেরিয়ে আসার। একান্ত সম্ভব না হলে ঘনিষ্ঠ কাউকে মনের কথা খুলে বলুন। কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতেও পারেন।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language