রংপুর

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

রংপুর, ১৮ জুলাই- রংপুর বিভাগে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও রবিবার (১৮ জুলাই) বিভাগের আট জেলায় তা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে দুই নারীসহ ১৭ জন মারা গেছেন। একই সময়ে দুই হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষায় ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে গত ১৮ দিনে বিভাগে ২৫ নারীসহ ২৫৮ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জন মারা গেছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট জনে। এছাড়া পঞ্চগড়-লালমনিরহাট-নীলফামারী ও দিনাজপুরে একজন করে, গাইবান্ধায় দুই জন এবং ঠাকুরগাঁওয়ে তিন জন মারা গেছেন। রংপুরে সর্বোচ্চ ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সরদার অফিসের আফসার আলী নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮৬ জন। আক্রান্তের হার বেড়ে ২৯ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ  পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৭৯ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩৬ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬২৩   জন।

ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে ১১ হাজার ২১২ জন, রংপুরে ৮ হাজার ৯১ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ১২৬ জন, কুড়িগ্রামে দুই হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান তিনি।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই


Back to top button
🌐 Read in Your Language