যশোর

যশোরের চৌগাছা সীমান্তে ১৬ অনুপ্রবেশকরী আটক

ঢাকা, ১৬ জুলাই – যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চৌগাছা উপজেলার আন্দুলিয়া বর্ডার আউট পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পাচকাউনিয়া গ্রামের হাসান বিশ্বাস (৪৯) ও আসলাম বিশ্বাস (৩৫), হাসান বিশ্বাসের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে ইয়াসিন বিশ্বাস (২৪), মিঠু বিশ্বাস (১৯) ও লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২), আসলাম বিশ্বাসের স্ত্রী শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস (৩৫)। খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের আসাদুল গাজী (২৫) ও তার স্ত্রী ফুলবানু খাতুন (২৬)। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালির হালিম শেখের ছেলে এমডি আজিজুল শেখ (১৯)। মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত- ওয়াসিমের স্ত্রী রোজিনা আক্তার (২৭)।

আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে করোনা পরীক্ষার জন্য উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হয়।

চৌগাছা থানায় লিখিত এজহার থেকে জানাযায় নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি ভারত হতে বাংলাদেশের দিকে পায়ে হেঁটে আসছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিল এবং বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ জুলাই


Back to top button
🌐 Read in Your Language