দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত

নয়াদিল্লি, ১০ জুলাই – আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের হামলা বেড়েছে আশঙ্কাজনকভবে। দেশটির ন্যাশনাল আর্মি কমান্ডোরাও নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি। সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াইয়ে সেখানকার হাজার হাজার নাগরিক বাড়িঘর এমনকি দেশ ছেড়ে পালাচ্ছেন প্রতিদিন।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিয়ে নিরাপত্তার বিষয়ে তৎপর রয়েছে কাবুলের ভারতীয় হাইকমিশনার এবং হেরাত ও মাজার-ই-শরীফে অবস্থিত ভারতীয় কনসুলেট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, প্রতিবেশী দেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসময় আফগান পরিস্থিতি ভারত সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কাবুলের ভারতীয় হাইকমিশন স্পষ্ট জানিয়েছে সেখানকার ভয়াবহতা বাড়ছে। এর প্রভাবে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্ধেগ জানিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে হেরাত ও মাজার-ই-শরীফের ভারতীয় কনসুলেটও। এ অবস্থায় আমরাও যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি নজরে রেখেছি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সম্প্রতি রাশিয়ায় সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপকালে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু আলোচনায় আনেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তিনি বিষয়টি নিয়ে রুশ সরকারের নজরদারিও প্রত্যাশা করেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১০ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language