খুলনা

এক মাসে খুলনা বিভাগে ৭৮৪ জনের মৃত্যু

খুলনা, ০৭ জুলাই – মাসখানেক আগেও প্রতিদিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় ঢাকা ও চট্টগ্রাম শীর্ষে থাকলেও বর্তমানে ধারবাহিকভাবে করোনায় মৃত্যুর শীর্ষে রয়েছে খুলনা বিভাগ।

বুধবার (৭ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের দিনে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৬৬ জনের মৃত্যু হয়।

হিসাব অনুযায়ী- খুলনা বিভাগে প্রতি ঘণ্টায় মৃত্যুর হার ২ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে খুলনা বিভাগে ৫ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে—এক মাসের ব্যবধানে খুলনা বিভাগে ৭৮৪ জন করোনা রোগীর মৃত্যু হয়। আজ থেকে একমাস আগে গত ৭ জুন খুলনা বিভাগে একদিনে তিন জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ছিল মাত্র ৮১৯ জন। এক মাস পর আজ ৭ জুলাই একদিনে মৃতের সংখ্যা ৬৬ জন এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০৩ জন।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। গত ৭ জুন সারা দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ছিল ১২ হাজার ৮৬৯ জন। খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা ছিল ৮১৯ জন।

খুলনার পরই সম্প্রতি বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। গত ৭ জুন রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা ছিল ৭২৭ জন। এক মাস পর আজ ৭ জুলাই এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে। অর্থাৎ এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ৪৪৩ জনের। মৃতের হার ৫ দশমিক ৬৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ হয়েছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত দিয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে খুলনা ও রাজশাহীসহ সারা দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

সরকার করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু রোধে গত ২৮ জুন থেকে বিধি-নিষেধ সাপেক্ষে ও ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্য়ন্ত কঠোর লকডাউনের নির্দেশনা জারি করেছে। তবুও কমছে না সংক্রমণ ও মৃত্যু।

সূত্র : জাগো নিউজ
এম এউ, ০৭ জুলাই


Back to top button
🌐 Read in Your Language