সিলেট বিভাগ

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৯ জনের মৃত্যু

সিলেট, ০৭ জুলাই- সিলেট বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সিলেটে মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সিলেটে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে ৮ জনের মৃত্যু হয়েছিল। বুধবার মৃত্যুর সংখ্যা সে রেকর্ড ভেঙে দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৬২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ।

সিলেট বিভাগে করোনায় মৃতদের ৪০৭ জনই সিলেট জেলার বাসিন্দা। সর্বশেষ মৃত ৯ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি দু’জনের একজন সুনামগঞ্জ ও আরেকজন মৌলভীবাজারের বাসিন্দা। এখন পর্যন্ত সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ৩৮ জন করোনায় মারা গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬৫ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারের ৯৪ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন সিলেটে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৮৬ শতাংশ, সুনামগঞ্জে ২১ দশমিক ৪৩ শতাংশ, হবিগঞ্জে ৪০ দশমিক ৭৯ শতাংশ ও মৌলভীবাজারে ৩৮ দশমিক ২১ শতাংশ।

এখন পর্যন্ত সিলেটে ২৭ হাজার ৭১৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৩৪২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৯২ জন ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪৪ জন।

সূত্রঃ সমকাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language