সিরাজগঞ্জ

যমুনার পানি আবারও বৃদ্ধিতে বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জ, ০৫ জুলাই-উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি আবারও বেড়েছে। সোমবার (৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে পানি বৃদ্ধি পাওয়া দেখা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হাট পয়েন্টে) ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে পানির বৃদ্ধির ফলে জেলার সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুরের বেশ কিছু এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, শনিবার (৩ জুলাই) সকাল থেকে যমুনা নদীর পানি কিছু কমলেও রোববার (৪ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন এ পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।

সূত্রঃ আরটিভি


Back to top button
🌐 Read in Your Language