ঝালকাঠি

রাজাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি, ৩০ জুন- ঝালকাঠির রাজাপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

বুধবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলার উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর উপজেলার উত্তমপুর এলাকার মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে ও উত্তমপুর বাজারে ফাতিমা মেডিকেল হল নামের একটি ফার্মেসির মালিক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উত্তমপুর বাজারের জাহাঙ্গীর হোসেন নামের এক ওষুধ বিক্রেতাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আটক করা হয়। এসময় তার ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ আট ধরনের ওষুধ জব্দ করা হয়। এছাড়া এ অপরাধে জাহাঙ্গীরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

সেই সঙ্গে তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ আরও ওষুধ থাকলে তা ধ্বংস করে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/৩০ জুন


Back to top button
🌐 Read in Your Language