অপরাধ

নারীদের ফেসবুক আইডি হ্যাক করে মোটা অঙ্কের টাকা আদায়

ঢাকা, ২৩ জুন – ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুনামগঞ্জের দোয়ারবাজার এলাকা থেকে সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মামুন মিয়া।

পুলিশ জানিয়েছে, বিশেষ করে নারীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন মামুন। অনেকের অ্যাকাউন্ট দখলে নিতেন। টাকার বিনিমেয় সেগুলো ফেরত দিতেন তিনি। এ ক্ষেত্রে ‘ফিশিং লিংক’ ব্যবহার করতেন মামুন।

বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, মামুন মূলত নারীদের টার্গেট করতেন। তিনি প্রযুক্তি সম্পর্কে পারদর্শী। তিনি ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতেন। ওই লিংকে প্রবেশের জন্য ব্যবহারকারীর ফেসবুক পাসওয়ার্ড দিলে হ্যাকারের কাছে ওই আইডির পাসওয়ার্ড চলে যেত।

তিনি বলেন, মামুন ফেসবুক আইডি তার দখলে নিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। টাকা না দিলে ফেসবুক অ্যাকাউন্ট দখল নিতেন। আদালতে পাঠিয়ে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৩ জুন


Back to top button
🌐 Read in Your Language