দক্ষিণ এশিয়া

ধর্ষণের জন্য আবারো নারী-পোশাককে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইসলামাবাদ, ২১ জুন- ধর্ষণের জন্য আবার নারীদের পোশাককে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক সাক্ষাৎকার দেয়ার সময় ইমরান এবার বলেছেন, ‘কোনো নারী অল্প পোশাক পরলে পুরুষের ওপর প্রভাব পড়বেই; যদি তিনি রোবট না হন।’

ইংল্যান্ডে এক সময় প্লেবয়ের জীবন-যাপন করা ইমরান বলছেন, ‘এটি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। আমাদের সংস্কৃতিতে যা গ্রহণযোগ্য, সব জায়গায় তা মেনে নিতে হবে।’

এর আগে গত এপ্রিলেও এমন মন্তব্য করেন ইমরান খান।

তখন ইমরানের মন্তব্য ছিল, ‘পুরুষদের সংযত রাখতে নারীদের উচিত খোলামেলা পোশাক না পরা।’

নারীদের শরীর ঢেকে চলার উপদেশ দিয়ে তিনি এ কথাও মনে করিয়ে দেন যে, ‘পর্দা ব্যাপারটির মূল কথাই হলো প্রলোভন এড়ানো আর তা এড়ানোর মতো ইচ্ছাশক্তি সবার থাকে না।’

ইমরানের এই মন্তব্যকে ‘তথ্যগতভাবে ভুল, অসংবেদনশীল এবং বিপজ্জনক’ আখ্যায়িত করে তখন পাকিস্তানে শুরু হয় অনলাইনে স্বাক্ষর সংগ্রহের অভিযান। স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজকেরা মনে করেন, একজন প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ধর্ষক এবং ধর্ষকবান্ধব ব্যবস্থাকে শক্তি জোগাবে।

পাকিস্তানের মানবাধিকার কমিশনও প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে দেয়া বিবৃতিতে তখন বলে, এর ফলে ধর্ষক, নিপীড়কদের রেহাই দিয়ে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ, নিপীড়নের শিকার সব নারীর ঘাড়ে দোষ চাপানো হলো।’

পাকিস্তানে ধর্ষণ, নিপীড়ন প্রায় নিয়মিত ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে নিজের আত্মীয়দের দ্বারাই ধর্ষণের শিকার হন দেশটির নারীরা।

নারী এবং নারী অধিকার প্রশ্নে ইমরান খানের অবস্থান বরাবরই এমন। গত বছর এক টেলিভিশন অনুষ্ঠানে তার উপস্থিতিতেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য নারীদের ‘অপকর্মকে’ দায়ী করেন এক ধর্মীয় নেতা। এমন অবৈজ্ঞানিক মন্তব্যের প্রতিবাদ না করায় তখনো ইমরানের তুমুল সমালোচনা হয়েছিল।

তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/২১ জুন


Back to top button
🌐 Read in Your Language