গাইবান্ধা

গোবিন্দগঞ্জে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

গাইবান্ধা,০৯ জুন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় থাকা টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের ভাটগোপাল শেরপুর গ্রামের মেহেদি মিয়ার বাড়ি সংলগ্ন নির্মাণাধীন দোকান ঘর থেকে এটি উদ্ধার করা হয়।

মেহেদি মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই ওমর মিয়া ওই ঘরের দেওয়াল পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে ওমর মিয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করে আয়নার মতো চকচকে একটি বস্তু দেখতে পায়। পরে বিষয়টি তার বড় ভাইকে জানায়। বড় ভাই মেহেদি বোমা জাতীয় কিছু মনে করে বিষয়টি পুলিশকে জানান।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা টাইম বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান জানান, এটি টাইম বোমা নাকি অন্য কিছু; বোমা বিশেষজ্ঞ টিম না আসা পর্যন্ত তা বলা যাচ্ছে না।

তথ্যসূত্র: ইত্তেফাক
এস সি/০৯ জুন


Back to top button
🌐 Read in Your Language