কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুইজন নিহত

কক্সবাজার,০৬ জুন- কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার দুটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে উখিয়ার বালুখালী ময়নার ঘোনা ও দুপুরে টেকনাফের চাকমারকুল ক্যাম্পে নিহতের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ময়নার ঘোনা (ক্যাম্প-১২) ক্যাম্পের (জে-এ-৭ ব্লকের) মৃত অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫) ও টেকনাফের চাকমারকুল (ক্যাম্প ২১) ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নূর হাসিনা (২০)।

ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে মাটি কাটার সময় পাহাড়ধসে রহিম উল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে আর্মড পুলিশ সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

অপরদিকে দুপুর ২টার দিকে চাকমারকুল ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নূর হাসিনার বসতঘর সংলগ্ন পাহাড় প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ ধসে পড়ে। এতে শরণার্থী নূর হাসিনা মাটিতে চাপা পড়ে যান। এই সংবাদ পেয়ে ক্যাম্পের ভেতরে টহলরত এপিবিএন সদস্য ও আশেপাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসু দ্দৌজা দুইজন রোহিঙ্গা নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের মতো দুর্যোগ মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও কিভাবে পাহাড়ধসের ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language