দক্ষিণ আমেরিকা

চীনা টিকার সফল পরীক্ষা, নাটকীয় ফলাফল

সাও পাওলো, ০৩ জুন – পরীক্ষার অংশ হিসাবে ব্রাজিলের একটি শহরের প্রায় সব প্রাপ্তবয়স্ক মানুষকে পুরো ডোজ টিকা দেবার পর সেই শহরে করোনায় মৃত্যুর হার ৯৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন বিবিসি বাংলা।

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণ পূর্বের শহর সেরানাতে এই পরীক্ষা চালানো হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে। পরীক্ষা চালায় ইনস্টিটিউটো বুতানতান, যারা চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি উদ্ভাবিত টিকা করোনাভ্যাক তৈরি করছে। সেরানা নামে ঔ শহরে বাসিন্দার সংখ্যা ৪৫০০০, যাদের চীনে তৈরি করোনাভ্যাক টিকা দেয়া হয়েছে।

পরীক্ষা পরিচালনা করা গবেষক দল বলছে, করোনা ভাইরাসের উপস্থিতি কমে যাওয়ার কারণে যাদের টিকা হয়নি, তারাও সুরক্ষার আওতায় চলে এসেছে। এই পরীক্ষার ফলাফল থেকে বোঝা যাচ্ছে, জনগোষ্ঠীর শতকরা ৭৫ ভাগকে পুরো ডোজ টিকা দিতে পারলে মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

শহরের বাসিন্দাদের ভাগ করা হয় চারটি এলাকার ভিত্তিতে। করোনা ভাইরাসের উপস্থিতি বা জীবাণুর পরিমাণ কোন্ এলাকায় কমছে সেটা নির্ধারণ করতে এই এলাকা ভাগের সিদ্ধান্ত নেয়া হয়।

গবেষক দল জানায়, ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ৭৫%কে দুই ডোজ টিকা দেবার পর তিনটি এলাকায় করোনার উপস্থিতি ব্যাপক মাত্রায় কমে গেছে বলে তারা দেখতে পান।

যখন প্রাপ্তবয়স্কদের ৯৫ শতাংশকে পুরো ডোজ টিকা দেয়া হয়ে যায়, তখন যে ফলাফল দেখা যায়: মৃত্যুহার কমেছে ৯৫%, হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮৬% , উপসর্গ আছে এমন রোগী শনাক্তের হার কমেছে ৮০%

এ প্রসঙ্গে বুতানতান সংস্থার গবেষণা পরিচালক রিকার্ডো পালাসিও বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হল ৭৫%। এছাড়া গবেষণার ফলাফল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বেরিয়ে এসেছে সেটা হল গোটা জনগোষ্ঠীকে টিকা না দিয়েও মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরো বলেন, শিশু এবং কিশোরদের মধ্যেও সংক্রমণের হার কমেছে। তাদের টিকা দেয়া হয়নি। এর থেকে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে স্কুল আবার খোলার জন্য শিশুদের টিকা দেবার প্রয়োজন নেই।

সূত্র: কালেরকন্ঠ
এম ইউ/ ০৩ জুন ২০২১

 


Back to top button
🌐 Read in Your Language