নাটোর

সিংড়ায় কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার, আটক ৩

নাটোর, ০২ জুন – নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথর সাদৃশ্য একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বুধবার ভোরে সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে এ অভিযান চালায় র‍্যাব-১২। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- সিংড়া উপজেলার বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), একই গ্রামের আবুল তালুকদারের ছেলে মো. শামিম তালুকদার (৩২) ও বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে মো. বেলায়েত প্রামানিক (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া ৪টার দিকে চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে অভিযান চালিয়ে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক কষ্ঠিপাথর সাদৃশ্য মূর্তিটি উদ্ধার করা হয়। ২ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ২ ইঞ্চি প্রস্থের এ মূর্তিটির ওজন ৩৬.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় জড়িত তিন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর আটক পাচারকারীদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language