অস্ত্রসহ ভিডিও পোস্ট করে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা

নাটোর, ০১ জুন– নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সাবেক ছাত্রলীগ নেতার জন্মদিনে তার ভাতিজা কেএম শোভন অস্ত্র নিয়ে মটর সাইকেলে ভ্রমণ করছেন, এমন ভিডিও ফেসবুকে দিয়ে চাচাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকের এই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে কেএম শোভনের ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের তিনি ও তার চাচা বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ মটরসাইকেলে যাচ্ছেন। ১৬ সেকেন্ডের ভিডিওতে জিন্না মটর সাইকেল চালাচ্ছেন ও পেছনে বসে রয়েছেন শোভন। এসময় শোভন পিস্তল উঁচিয়ে দেখাচ্ছেন।
ফেসবুকে শোভন লিখেন, ‘শুভ জন্মদিন চাচ্চু।’ এ বিষয়টি জানতে শোভনের (০১৭…৭৭) নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে কেএম জিল্লুর হোসেন জিন্নাহ মুঠোফোনে (০১৭…৭৯) চার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র : আমাদের সময়
এম এন / ০১ জুন









