দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা ও ১০ লাখ রুপি দেবে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লী, ৩০ মে – করোনাভাইরাস মহামারিতে মা-বাবা হারানো অনাথ শিশুদের সহযোগিতায় প্রকল্প ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সহযোগিতা দেওয়ার ঘোষণা দিলো নরেন্দ্র মোদির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে থাকবে সরকার।

সচিবালয় আরও জানায়, অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে। ১৮ বছর বয়স পর্যন্ত বছরে ৫ লাখ রুপি স্বাস্থ্য বিমা পাবে। ১৮ বছর বয়স হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে শিক্ষা ঋণ পাবে। সেই সঙ্গে ১৮ বছরের পর উপবৃত্তি পাবে তারা। আর ২৩ বছর বয়স হয়ে গেলে এককালীন ১০ লাখ রুপি দেবে কেন্দ্রীয় সরকার। এই অর্থের সংস্থান হবে পিএম কেয়ার্স তহবিল থেকে।

নরেন্দ্র মোদির সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও শিশু একেবারে অনাথ হলে তাকে কেন্দ্রীয় সরকারের অধীনে নবোদয় বিদ্যালয় বা সৈনিক স্কুলের মতো আবাসিক স্কুলে ভর্তি করা হবে। আর তার যদি কোনও পরিবার থাকে অর্থাৎ বাবা-মায়ের মৃত্যুর পর কোনও নিকট আত্মীয়ের কাছে থাকে, তা হলে নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আশেপাশে কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকলে বেসরকারি স্কুলেও ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার অধিকার আইন মোতাবেক ফি দেবে সরকার।

১৮ বছর বয়সের পর উপবৃত্তি দেওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে। যাতে ওই শিশু আরও পড়াশোনা করতে পারে এবং দক্ষতার উন্নতি ঘটাতে পারে। ২৩ বছর বয়স হলে ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে ১০ লাখ রুপি এককালীন দেওয়া হবে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩০ মে


Back to top button
🌐 Read in Your Language