দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিয়ে, কোলে করে বর-কনেকে রাস্তা পার

বরিশাল, ২৮ মে– ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও পূর্ণিমার কারণে দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের প্রায় সকল নদ-নদীর পানি তিনদিন ধরে প্রবাহিত হচ্ছে।
যে কারণে বেরিবাধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
যদিও জোয়ার শেষে বেশিরভাগ জায়গার পানিও নেমে যাচ্ছে।
তবে এর মাঝেই গ্রামাঞ্চলের মানুষের জীবন-যাপন ও কাজ-কর্ম এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকতায় দুর্যোগকালে গতকাল বুধবার (২৬ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দ্রা চালকের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সেই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বর-কনেসহ অতিথিদের মধ্যে এক শিশুকে কোলে নিয়ে পানিতে প্লাবিত রাস্তা পার হওয়ার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ওবায়েদুল জানান, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
সূত্র: বাংলানিউজ
এম এন / ২৮ মে









