সিলেট

সিলেট-৩ আসনের তফসিল ঘোষণা করা হয়নি

সিলেট, ২৪ মে – আজ সোমবার (২৪ মে) সিলেট-৩ আসনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জুন কমিশনের বৈঠক শেষে এ আসনের তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (২৪ মে) ৮০তম কমিশন বৈঠক শেষে এ কথা জানান ইসির সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কারণে আপাতত ভোটের তারিখ নির্ধারণ করেনি নির্বাচন কমিশন। আগামী ২ জুন ভোটের তারিখ ঠিক করা হবে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের সিলেট-৩ (২৩১) আসন গঠিত। বিগত তিনটি নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সদ্য মরহুম আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ কারণে আসনটি শূন্য হয়েছে।

নির্বাচন বিধি অনুযায়ী- এ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে আগামী জুনের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সিলেট-৩ আসনে তড়িৎ কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।

তবে গত ১৯ মে (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশনের সভায় সিলেট-৩ আসনে আগামী জুলাইয়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী- সিলেটের উল্লেখযোগ্য এ আসনে উপ-নির্বাচনের তফসিল আজ সোমবার (২৪ মে) ঘোষণার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও পেছালো এ আসনে তফসিল ঘোষণার তারিখ।

সূত্র : সিলেটভিউ
এন এইচ, ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language