সবাইকে স্পর্শ করেছে মাশরাফির যে বক্তব্য

নড়াইল, ২০ মে – জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এলাকাবাসিদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা মারামারি করবেন না, হাজারটা অন্যায় কথা বলবেন চেষ্টা করবো মিলায় দিতে। আমার কথা হচ্ছে মারামারি করছেন তো খবর আছে।
ফেইসবুকে মাশরাফি বিন মর্তুজার এলাকাবাসীদের উদ্দেশ্যে দেওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে কমেন্টদাতারা মাশরাফিকে উপযুক্ত নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।
মাশরাফি তার বক্তব্যে বলেন, ‘ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি! অমুক নেতা ঢাকায় বসে বলছেন মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন! মাইরে দিয়ে এসে আপনার কী হলো আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়েছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না? তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়? এই ধরেন আমার কথায় আপনারা এইগুলা করতেছেন, ধইরে নিলাম! আমি আপনাকে খাইতে দি? পরতে দি? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা! আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন!’
তিনি আরও বলেন, ‘আপনারা কেউ মারামারি করবেন না। মারামারি করবেন তো খবর আছে। এবার কিন্তু কোনো পিরিত হবে না!’
মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) জামিল আহম্মেদ সানি বলেন, ‘সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ১৬ মে ঢাকা থেকে নড়াইলে আসেন। তিনদিন ধরে নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়ান। প্রতিদিন সকালে বাসা ও অফিসে আগত সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকার উন্নয়নে মতবিনিময়, বিভিন্ন সড়কের চলমান উন্নয়নমূলক কাজের গুণগত মান দেখতে সরেজমিনে পরিদর্শন, নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন, সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন। এসবের পাশাপাশি মঙ্গলবার ইটনা ইউনিয়নের একটি গ্রামের দীর্ঘদিন ধরে বিরাজমান একটি বিবাদের মীমাংসা করেছেন।’
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ মে









