চলে গেলেন কিংবদন্তি হকি খেলোয়াড় শামসুল বারী

ঢাকা, ১৯ মে – বর্ষীয়ান হকি খেলোয়াড়, দেশবরেণ্য ক্রীড়া সংগঠক, বাংলাদেশ হকি ফেডারেশনের দীর্ঘ ১৮ বছরের সাধারণ সম্পাদক শামসুল বারী মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…)। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন শামসুল বারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রিয় হকি অঙ্গন মাওলানা ভাসানী স্টেডিয়ামে তার জানাযা অনুষ্ঠিত হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হকি সংশ্লিষ্ট অনেকে।
স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ জাতীয় হকি দলের সহকারী অধিনায়ক ছিলেন তিনি। তার আগে ১৯৬৮ সাল থেকে স্বাধীনতার আগ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান হকি দলের প্রতিনিধিত্ব করেন শামসুল। খেলোয়াড়ি জীবনে তিনি খেলতে রক্ষণে। নামও কুড়িয়েছিলেন।
১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হকি ব্লু পান তিনি। খেলোয়াড়ী জীবনে খেলেছেন ঢাকা জেলা একাদশ, মোহামেডান, মাহুতটুলি (বর্তমানে উষা ক্রীড়া চক্র), আবাহনীতে। ১৯৮৮ সাল থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন মেয়াদে দীর্ঘ ১৮ বছর ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। ২০০২-২০১০ সাল পর্যন্ত এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদেরও সদস্য ছিলেন।
১৯৪৬ সালের ৮ জুলাই রাজশাহীতে জন্মগ্রণ করেন বরেণ্য এই ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। এই হকি কিংবদন্তির আত্মার মাগফেরাত কামনা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় সংগঠনগুলো।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ মে









