মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২

রামাল্লাহ, ১৮ মে – ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারও (১৭ মে) হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের বলেছেন, গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান।

তিনি আল জাজিরাকে বলেন, ‘গাজা উপত্যকায় আমরা দেখেছি যে, ইসরায়েলি বিমানগুলো বাণিজ্যিক এবং আবাসিক ভবনে আঘাত হেনেছে; যে ভবনগুলোতে শত শত পরিবার রয়েছে।’

ওমর শাকের আরও বলেন, ‘বোমা হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে।’

এদিকে, ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ মে


Back to top button
🌐 Read in Your Language