ভারতে ভয়ঙ্কর করোনা, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু ৪ হাজারের ওপরে

নয়াদিল্লী, ১৭ মে – অনেক দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখের নিচে নামল। তবে দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। সোমবারও তা রয়েছে ৪ হাজারের ওপরেই।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন।
আনন্দবাজার জানায়, ভারতে ২১ এপ্রিল শেষবার দৈনিক সংক্রমণ ছিল ৩ লাখের কম। তার পর থেকে বাড়তে বাড়তে ৪ লাখ পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে কমে তা অবশেষে নামল ৩ লাখের নিচে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এ নিয়ে করোনা মোট প্রাণহানি ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।
ভারতে টিকাদান কর্মসূচি চললেও তা অনেকটাই ধীর। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটিরও বেশি।
সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ১৭ মে









