শিক্ষা

রাবির অতিথি ভবন ক্রয়ে দুর্নীতি, ব্যবস্থা নিতে উপাচার্যকে আইনী নোটিশ

রাজশাহী, ০৮ মে– ঢাকাস্থ অতিথি ভবনের জন্য জমি ক্রয়ে অনিয়ম-দুর্নীতির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ভিসি অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপাচার্যকে আইনী নোটিশ পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা জজ কোর্টের আইনজীবী গোলাম রব্বানী এ নোটিশ পাঠান। আজ শনিবার নোটিশের কপি গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছিয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ঢাকাস্থ অতিথি ভবনের জমি ক্রয় সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত কমিটি সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের নেতৃত্বাধীন কমিটিকে দায়ী করে প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল হাসানের আইনগত মতামত উপেক্ষা করে ঢাকাস্থ অতিথি ভবনের জন্য তিন কোটি ৫০ লাখ টাকায় জমিটি খরিদ করা হয়। যার সাফ কবলা দলিল গত ২০১৬ সালের অক্টোবর মাসের ২০ তারিখে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। কিন্তু জমির প্রকৃত ক্রয় মূল্য তিন কোটি ৫০ লাখ টাকা গোপন করে কেবলমাত্র অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দলিল রেজিস্ট্রেশনের ৩৭ দিন পরে জমির মূল্য ১১ কোটি দেখিয়ে বিক্রেতার সঙ্গে একটি অরেজিস্ট্রিকৃত চুক্তিপত্র সৃজন করা হয়। এক্ষেত্রে চৌধুরী সারওয়ার জাহানের নেতৃত্বাধীন এলা কমিটি সুস্পষ্টভাবে সাত কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে প্রতীয়মান হয়।

জমির সাফ কবলা দলিল গোপন করে ক্রেতা-বিক্রেতার মাঝে সম্পাদিত চুক্তিনামাটি সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও ভিত্তিহীন। সেক্ষেত্রে অতিরিক্ত সাত কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ সংক্রান্ত অপরাধ করায় অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও তার কমিটির সদস্যদের শাস্তির মুখোমুখি করা আবশ্যক।

নোটিশে আরো বলা হয়, নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা না করা হলে বর্তমান উপাচার্যের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সূত্র : কালের কণ্ঠ
এম এন / ০৮ মে


Back to top button
🌐 Read in Your Language