সুন্দরবনের সমতল ভূমিতে আগুন ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাট, ০৩ মে– সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বরং তীব্র হচ্ছে আগুনের তেজ।
ছড়িয়ে পড়ছে বনের সমতল ভূমিতে। রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত রেখেছে।
আগুন নেভাতে মঙ্গলবার (০৪ মে) সকালে আবারও আগুন নিভানোর কার্যক্রম শুরু করবে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে আগুন নিয়ন্ত্রণ নিয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এদিকে আগুন লাগার কারণ জানতে সোমবার (০৩ মে) সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের মধ্যে আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কিছু লতাপাতা পুড়েছে। বড় ধরনের ক্ষতি হয়নি।
রাতের কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে পুনরায় আগুন পুরোপুরি নেভানোর কাজে বন কর্মী ও ফায়ার সার্ভিস অংশ নেবে। কি কারণে আগুন লেগেছে তার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, লোকালয় থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে বনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে আগুন নেভানোর জন্য আমাদের বেগ পেতে হচ্ছে। শুষ্ক মৌসুমে গাছের পাতার স্তুপ থাকায় আগুন এক জায়গায় নেই। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সমতল ভূমির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ছে। যেখানে আগুন লেগেছে সেখানে আশপাশে কোনো পানির কোনো উৎস নেই।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার জন্য সাড়ে চার কিলোমিটার পাইপ বসানো হয়েছে। রাত হওয়ার কারণে আমরা কার্যক্রম স্থগিত করেছি। মঙ্গলবার ভোর থেকে আমাদের তিনটি ইউনিট আবারও কাজ শুরু করা হবে। আশাকরি মঙ্গলবার সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। পরবর্তীতে এলাকাবাসী ধোয়া দেখতে পেয়ে বন বিভাগকে অবহিত করে। এর আগে ০৮ ফেব্রুয়ারি আগুন লেগে সুন্দরবনের অন্তত ৩ শতাংশ বনভূমি পুড়ে যায়। এ নিয়ে গেল ২০ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুন্দরবনে।
সূত্র: বাংলানিউজ
এম এন / ০৩ মে









