রৌমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম, ০১ মে– কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে রাশেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি আটক হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৬-এর কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ও দাঁতভাঙা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল ইসলাম দাঁতভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার বিকালে রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করে। সন্ধ্যার পর বাংলাদেশে ফিরে আসার সময় ভারতীয় ৬ গুটালু বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও রাশেদুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।
আটক রাশেদুলের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান রেজাউল করিম জানান, আটকের খবরে রাশেদুলের পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। তাদের দাবি রাশেদুল ও অন্যান্যরা সীমান্তে ভুট্টাক্ষেত দেখতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে। পরে আমি বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় কোম্পানি কমান্ডারকে অবহিত করেছি।
চেয়ারম্যান আরও বলেন, ‘আটক যুবক তার তার সঙ্গীসহ ভারতের অভ্যন্তরে গিয়ে আটক হয়েছে। তারা মূলত গরু কিংবা অন্যান্য ভারতীয় পণ্য চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তে গিয়ে থাকে।’
এ বিষয়ে ৩৫ বিজিবি দাঁতভাঙা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ‘বিষয়টি জানার পর বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্পে যোগাযোগ করেছি। তারা রাশেদুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তার (রাশেদুলের) বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।’
সূত্র : পূর্বপশ্চিম
এম এন / ০১ মে









