কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার, ২৪ এপ্রিল – কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালংয়ের ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩) এবং তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে এপিবিএন।

কক্সবাজারস্থ-১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানিয়েছেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলে পড়ে। এতে এ খুনের ঘটনা ঘটেছে।

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন এর সদস্যরা বাড়ি থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে মরিয়ম খাতুনকে গলা কাটা এবং অপর দুইজনকে গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকা অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

তবে কি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান নাঈমুল। এসপি জানান, নিহতদের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো, সঞ্জুর মোর্শেদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language