ক্রিকেট

শান্তর প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

কলম্বো, ২১ এপ্রিল – ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন তামিম ইকবাল। সতীর্থ সাইফ হাসান ফিরে গেলেও নির্ভার হয়ে খেলছিলেন বাঁহাতি এই ওপেনার। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু শেষ পর্যন্ত হলো না। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকে সাজঘরে ফিরলেন তামিম। ৯০ রানের মাথায় ফার্নান্দোর বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন দেশসেরা ওপেনার। ১০১ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারি দিয়ে। তামিম ভুল করলেও টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত। থিতু হয়ে ২৩৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও নাজমুল শান্ত।

পাল্লেকেলেতে প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর জুটিতে লাঞ্চের আগে স্কোরবোর্ডে ১০৬ রান তোলে সফরকারীরা। বিরতির পর ফিরেও দ্বিতীয় জুটিতে দারুণ করেন তামিম-শান্ত। শতরানের সফল এই জুটি ভাঙেন ফার্নান্দো। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল গ্লাইড করার চেষ্টা করেন তামিম। বল একটু বেশি লাফিয়ে ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে ফিল্ডারের হাতে।

আরও পড়ুন : নার্ভাস নাইনটিতে কাটা পড়লেন তামিম, শান্তর ফিফটি

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। সাদমান ইসলামের বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাইফ হাসান আস্থার প্রতিদান দিতে পারেননি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তরুণ এই ওপেনার।

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের প্রথম বলে ফার্নান্দোর বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন ওপেনার সাইফ। অবশ্য ফার্নান্দোর এলবির আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউ নেন। ফার্নান্দোর লেংথ বল সোজা সাইফের সামনের প্যাডে আঘাত করেছিল। দেখার ছিল, বলটি লেগ স্টাম্পে লাগবে না কি বেরিয়ে যাবে। রিভিউতে দেখা যায় বলটি সোজা স্টাম্পেই হিট করত। দলীয় ৮ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। তবে শুরুতে উইকেট হারানোর ধাক্কা ভালোভাবে সামাল দেন তামিম।

ম্যাচটিতে ছয় ব্যাটসম্যান ও পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি তিনি। স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকাকে সুযোগ দেওয়া হয়েছে। একাদশে তাদের বিশেষজ্ঞ পেসার তিনজন। সঙ্গে স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন ভানিন্দু হাসারাঙ্গা।

ক্রিকেটে বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সাদা পোশাকে অবস্থা আরও মলিন। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে আশাবাদী বাংলাদেশ। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র একটিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচ ম্যাচের একটি জয়ের সঙ্গে দুটিতে ড্রও করেছে। শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের জয়টি এসেছিল ২০১৭ সালে। যা ছিল বাংলাদেশের শততম টেস্ট।

সূত্র : এনটিভি
এন এইচ, ২১ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language