বাগেরহাট

বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা, ওসিসহ ৭ পুলিশ আহত

বাগেরহাট, ১৯ এপ্রিল – বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মোল্লাহাট থানার (ওসি) কাজী গোলাম কবির, এসআই ঠাকুর দাস, এএসআই বাহারুল, এএসআই লিয়াকত, কনস্টেবল সোহাগ মিয়া, নাজমুল ফকির ও ডিএসবির কনস্টেবল শহিদুল ইসলাম।

আরও পড়ুন : বোমা পেয়ে খেলছিল শিশুটি, বিস্ফোরণে মৃত্যু

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ‘হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা মোল্লাহাট হাসপাতালের মোড়ে জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ইটের আঘাতে থানার ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের একত্রিত হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ আমার সাত পুলিশ সদস্য আহত হয়েছে।’

সূত্র : এনটিভি
এন এইচ, ১৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language