ক্রিকেট

আউট হয়ে চেয়ারের ওপর ঝাল মেটালেন কোহলি, হলেন তিরস্কৃত

মুম্বাই, ১৫ এপ্রিল – বাজে শটে আউট হওয়ার হতাশা চেয়ারের ওপর ঝেরে ম্যাচ রেফারির দুয়ারে ঘুরে আসতে হলো বিরাট কোহলিকে। জরিমানা অবশ্য এড়াতে পেরেছেন তিনি। তবে আচরণবিধি ভঙ্গ করার জন্য তিরস্কার করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর অধিনায়ককে।

আইপিএলে বুধবার চেন্নাইয়ে বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের ত্রয়োদশ ওভারের ঘটনা সেটি। জেসন হোল্ডারের খানিকটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন কোহলি। স্কয়ার লেগ থেকে লং লেগের দিকে দৌড়ে ক্যাচ নেন বিজয় শঙ্কর। ২৯ বলে ৩৩ রান করে আউট হন বেঙ্গালোর অধিনায়ক।

আরও পড়ুন : ফের উইজডেনের লিডিং ক্রিকেটার স্টোকস

থিতু হয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অমন শটে আউট হওয়ায় হয়তো মেজাজ বিগড়ে যায় তার। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি সীমানায় ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। ড্রেসিং রুমে যাওয়ার পথে ডাগ আউটের পাশে থাকা চেয়ারেও সজোরে আঘাত করেন ব্যাট দিয়ে।

ম্যাচের পর ম্যাচ রেফারির কাছে ডাক পড়লে নিজের দায় স্বীকার করে নেন কোহলি।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অবশ্য দারুণ এক জয় পায় কোহলির দল। গ্লেন ম্যাক্সওয়েলের ৪১ বলে ৪৯ রানের ইনিংসে বেঙ্গালোর ২০ ওভারে করে ১৪৯ রান। হায়দরাবাদের রান তাড়ায় ১৩ ওভার শেষে রান ছিল ১ উইকেটে ৯৬। পরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেঙ্গালোর। ধস নামে হায়দরাবাদের ব্যাটিংয়ে। কোহলিরা ম্যাচ জিতে নেন ৬ রানে।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language