জাতীয়

ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করবে পুলিশ

ঢাকা, ১৬ অক্টোবর- বাংলাদেশ পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

পু‌লিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআই‌জি মি‌ডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমা‌বেশ স্ব স্ব বি‌টের ফেইসবুক পেইজে সরাস‌রি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন:  দাফনের সময় মৃত নবজাতক জীবিত হয়ে উঠলো

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।

সূত্র: সারাবাংলা
আডি/ ১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language