চট্টগ্রাম

বিএনপি নেতা ডা. শাহাদাত আটক

চট্টগ্রাম, ২৯ মার্চ – চট্টগ্রামের কাজির দেউড়িতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজের মালিকানাধীন পাঁচলাইশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, শাহাদাত হোসেনকে পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

আরও পড়ুন : স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যে ২৯ জেলা করোনার বেশি ঝুকিতে

বিএনপির নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার পথে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন।

চমেক মেডিকেলে পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আনিসুর রহমান (৬০), মোহাম্মদ হায়দার (২৬) ও প্রিয়াংকা চৌধুরী। তবে তাদের মধ্যে প্রিয়াংকা নারী পুলিশ সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের নিরাপদ স্থানে পার্টি অফিসের ভেতরে সভা করতে বলেন। এ নিয়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। দোকানপাটে ভাঙচুর চালায়। তারা সড়কে থাকা গাড়িও ভাঙচুর করে। পুলিশ বক্সেও হামলা করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
অভি/ ২৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language