দক্ষিণ এশিয়া

করোনার টিকা রপ্তানি সাময়িক বন্ধ করল ভারত

নয়াদিল্লী, ২৫ মার্চ – ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে।

আরও পড়ুন : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো চেয়ে ইমরানকে মোদির চিঠি

ভারতের এই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকতে পারে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ইতোমধ্যেই ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে।

ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রপ্তানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

ভারত করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান শুরু হচ্ছে। এর ফলে তাদের প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language