জাতীয়

বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে : জার্মান প্রেসিডেন্ট

ঢাকা, ২৪ মার্চ – বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সপ্তম দিনে এক লিখিত বার্তায় এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এই বার্তা পাঠ করেন। লিখিত বার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, দেশটি অসাধারণ উন্নয়ন অর্জন করেছে এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে আজ প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে।

বার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, উদ্ভাবনী উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণ করে বাংলাদেশ স্পষ্টভাবে দারিদ্র্য হ্রাসে সফল হয়েছে।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হাজি সেলিম, ভর্তি হাসপাতালে

স্টাইনমায়ার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি এবং উদার মানবিক সম্পৃক্ততা বিশেষ করে স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয়।

জার্মান প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো বিশেষ করে চলমান মহামারি পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তন কেবল তখনই মোকাবেলা করা সম্ভব যদি আমরা একসাথে কাজ করি। এ ধরনের সহযোগিতার জন্য আমাদের বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান এবং সামনের সব কার্যক্রমের সাফল্য কামনা করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language