জাতীয়

মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর স্মরণে হবে স্মৃতিস্তম্ভ

ঢাকা, ১৫ অক্টোবর- স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার তার দপ্তরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাক্ষাৎকালে তিনি একথা জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের সাথে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ভারতের মিত্রবাহিনীর সদস্যদের তালিকা, মুজিব বাহিনীর সদস্যদের তালিকা, শরণার্থী শিবির, ট্রেনিং ক্যাম্প ও যুদ্ধকালীন সেবাদানকারী ভারতের হাসপাতালের তালিকা আংশিক থাকলেও পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশের কাছে নেই। মহান মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের স্বার্থে এসব তালিকা বাংলাদেশকে দেয়ার ব্যাপারে মন্ত্রী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন:  ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডাদেশ

ভারতীয় হাইকমিশনারের পিতা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন জানিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। মিত্রবাহিনীর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাংলাদেশ ভারত বন্ধুত্বকে আরো দৃঢ় করবে। এ ছাড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা তালিকা প্রাপ্তির ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বনেতা। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় জনগণও বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ২০২১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলে জানান তিনি।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language