কুড়িগ্রামে যুবলীগের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

কুড়িগ্রাম, ২১ মার্চ – কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষকের হাত কর্তন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক খ. ম আনিচুর রহমান চাঁদ, রেজওয়ানুল হক দুলাল, মমিনুর রহমান মুমিন, স্বেচ্ছা-সেবক লীগের জামান, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম আইয়ুব, মনোয়ার হোসেন রনি, আতিক প্রমুখ।
আরও পড়ুন : দিনাজপুরে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক
বক্তারা বলেন, গত ১৬ মার্চ রাজারহাটের ছিনাই এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আতাউর রহমান মিন্টুর একহাত কর্তনসহ তাকে হত্যা করার জন্য শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। এখন সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের হলেও ৫ দিনে কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ









