মধ্যপ্রাচ্য

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদিরা

রিয়াদ, ২০ মার্চ – সৌদি আরব দেশের পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করছে। তাই চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (১৯ মার্চ) এক সরকারি আদেশে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকার চাদ ও মিয়ানমার- এই দেশগুলোর কোনো নারীকে বিয়ে করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে বলে জানানো হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে শুধু যে ওই চার দেশের নারী তা নয়, অন্য দেশের নারীদের বিয়ে করতেও জারি করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধের। সৌদি পত্রিকা মক্কা ডেইলিকে এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানিয়েছেন, কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনপত্রে তিনি যে জেলার বাসিন্দা সেখানকার মেয়রের স্বাক্ষর থাকতে হবে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে বৈধতা পাবেন অবৈধরা : বরিস জনসন

আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সড হন, সেক্ষেত্রে বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না। পাশপাশি আবেদনপত্রের সঙ্গে নিজের পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রের কপিও সংযুক্ত করতে হবে।

সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে আদেশে। মক্কা ডেইলিকে আসাফ আল কুরায়শি বলেন, ‘আদেশে বলা হয়েছে, কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সে ক্ষেত্রে আবেদনপত্রে অবশ্যই এই তথ্য উল্লেখ করতে হবে। বর্তমানে তিনি যে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, তিনি অক্ষম কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা বন্ধ্যা এবং হাসপাতাল সনদের কপি আবেদনপত্রে সংযুক্ত থাকতে হবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
অভি/ ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language