জামাতাকে হত্যায় শ্বশুরের মৃত্যুদণ্ড, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও, ১৫ অক্টোবর- ঠাকুরগাঁওয়ে জামাতা পশির উদ্দীনকে হত্যার দায়ে শ্বশুর নুরুল হককে (৬০) আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এই রায় প্রদান করেন।
সেই সঙ্গে মামলার অপর আসামি শাশুড়ি মাজেদা বেগম, স্ত্রী নার্গিস বেগম, শ্যালক মাজেদুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকতে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
অপর আসামি শাপলা বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ফরিদপুর গ্রামের নুরুল হকের বড় মেয়ে সাহেরা খাতুন নির্জন বাড়িতে খুন হলে ওই মামলায় ছোট জামাতা পশিরুল ও তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পশিরুল ৬ মাস হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাসায় যায়।
আরও পড়ুন: ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব
এ ঘটনার জেরে ২০১১ সালের ১২ আগস্ট সন্ধ্যায় স্ত্রী নার্গিস বেগম তার স্বামী পশিরুল ইসলাম (২৮) কে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন পরিকল্পিতভাবে পশিরুলকে বাড়িতে ডেকে নিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় গলা,হাত,পা ইত্যাদি ছুড়ি দিয়ে কেটে কেটে হত্যা করে।
এই ঘটনায় পশিরুলের বাবা লেদা মোহাম্মদ বাদী হয়ে পর দিন দণ্ডিত আসামি নুরুল হকসহ ৬ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ১৫ অক্টোবর









