এশিয়া

শঙ্কা উড়িয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন থাই প্রধানমন্ত্রী

ব্যাংকক, ১৬ মার্চ – থাইল্যান্ডে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম মঙ্গলবার (১৬ মার্চ) থেকে আবার শুরু হয়েছে। আর শঙ্কা উড়িয়ে এদিন প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাসহ থাই মন্ত্রিসভার সদস্যদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে নাগরিকদের শরীরে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ এই টিকা কার্যক্রম স্থগিত করলে থাইল্যান্ডও তা অনুসরণ করে। গতকাল (সোমবার) জানানো হয়, মঙ্গলবার থেকে আবার টিকা কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুন : রক্ত ঝরছেই মিয়ানমারের রাজপথে

স্থগিত হওয়া টিকা কর্মসূচি আবার শুরু হওয়ার পর ভীতি ও উদ্বেগ দূরে রেখে মঙ্গলবার সবার আগে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেন থাই প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার আগে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ আমি সাধারণ মানুষের মনোবল ও বিশ্বাস বাড়িয়ে দিচ্ছি।’ এরপরই নিজের বাম বাহুতে টিকা নেন তিনি।

এ মাসেই ৬৭ বছরে পা দেবেন প্রায়ুথ চান ওচা। টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় ভালো বোধ করছেন বলেও জানান তিনি।

এর আগে সোমবার থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার কোনো সংশ্লিষ্টতা নেই বলে বেশ কয়েকটি দেশ জানানোর পরই টিকাদান কর্মসূচি ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের করোনাভ্যাকের দুই লাখ ডোজের সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ১ লাখ ১৭ হাজার ৩০০ ডোজ টিকা গত ২৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডে পৌঁছায়। অ্যাস্টাজেনেকার সেই আমদানীকৃত ভ্যাকসিন দিয়েই প্রথম দফায় টিকা নিয়েছেন থাই প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ত্রিশ হাজার মানুষ করোনাভ্যাক টিকা নিয়েছেন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language