জাতীয়

আকবরকে আমাদের দরকার : পিবিআই

ঢাকা, ১৫ অক্টোবর- সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত স্বার্থে সাময়িক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে দরকার বলেছে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ধানমন্ডিতে অবস্থিত পিবিআই’র প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, সিলেটের ঘটনার ডকেট আমরা গত পরশুদিন রাতে পেয়েছি। বুধবার ঘটনাস্থলে সিলেটের পিবিআই টিম তিন থেকে চার ঘণ্টা ছিল। আমরা আমাদের তদন্ত শুরু করে দিয়েছি তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে সাময়িক বরখাস্ত প্রাপ্ত উপ-পরিদর্শক আকবরকে আমাদের দরকার।

তিনি বলেন, এ কারণে সমগ্র ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি আকবর যেন কোনো মতেই দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টারে জানিয়ে দেওয়া হয়েছে আকবর যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। তাকে ধরার জন্য আমরা টিম রেডি করেছি তাকে আমাদের খুবই দরকার।

তিনি আরো বলেন, আমাদের আইজিপি স্যার সব সময় বলেন করোনার মধ্যে তোমরা যে সুনাম কামিয়েছে তা নষ্ট করো না। আকবর যেহেতু এই অপকর্ম করে বাহিনীর সুনাম নষ্ট করেছে এবং সে আমাদের কথা চিন্তা করে নাই সুতরাং তার বিষয়ে কোনো চিন্তা করার সুযোগ নেই।

আরও পড়ুন:  ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডাদেশ

১০ হাজার টাকার কারণেই কি এমন ঘটনা ঘটেছে এমন প্রশ্নের তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্ত করে দেখছে একদিনেই তো সব বলা যাবে না। তবে আমরা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে তার মরদেহ আবার উঠাবো এবং তদন্ত করব।

ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বিষয়ে তিনি বলেন, আমরা এখনো মামলার ফাইল পাইনি। পেলে তদন্ত কাজ শুরু করব। এক্ষেত্রে তদন্ত ভার সিনিয়র কোনো অফিসারকে দেওয়া হবে।

সূত্র: বার্তা২৪.কম

আর/০৮:১৪/১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language